

ইরানের প্রতি মার্কিন সামরিক হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে ব্রিফিং দেওয়া হতে পারে এমন খবরের প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম এক পর্যায়ে প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২৬ ডলারের ওপরে গিয়ে পৌঁছায়, যা ইউক্রেন যুদ্ধের পর এতদিন দেখা যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী’ বিমান হামলার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও বিবেচনায় রয়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যা অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়িয়েছে। বিশ্ব অর্থনীতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানে নতুন কোনো সামরিক সংঘাত শুরু হলে তা শুধু জ্বালানি ক্ষেত্রে নয়, খাদ্যপণ্য ও পরিবহন খাতেও ব্যাপক মূল্যবৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খলে গভীর প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে।