নতুন নোটটির আকার ১২৩ মিমি × ৬০ মিমি এবং এতে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি ও জাতীয় ফুল শাপলার ব্যাকগ্রাউন্ড। নোটের পেছনে গ্রাফিতি-২০২৪ চিত্র মুদ্রিত রয়েছে। নতুন ১০ টাকার নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপ ‘10’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, নিরাপত্তা সুতা এবং See-Through ইমেজ রয়েছে। নিরাপত্তা সুতার রঙ নাড়াচাড়া করলে লাল থেকে সবুজে পরিবর্তিত হয় এবং আলোর বিপরীতে ‘৮১০ দশ টাকা’ ও ‘১০’ লেখা দৃশ্যমান হয়। নোটটির প্রধান রঙ গোলাপি। প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু শুরু হবে, পরে অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে। নতুন ডিজাইনসহ ১০ টাকার কাগজ নোটের পাশাপাশি বর্তমান প্রচলিত নোট ও ধাতব মুদ্রাও ব্যবহার চলমান থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।