আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার টিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তাকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হবে। টিসিবি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে আসছে। রমজান মাসে এই কার্যক্রমের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে বিশেষভাবে তেল, ডাল, চিনির পাশাপাশি ছেোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে বিক্রিত পণ্যের পরিমাণ ও মূল্য পরবর্তীতে ঘোষণা করা হবে। টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে এই ট্রাক সেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে ভোক্তাদের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।