

ট্রাইব্যুনালের শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারিক কার্যক্রম এখন থেকে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আদালত জানিয়েছেন, কোনো আসামি অসুস্থ থাকলেও প্রয়োজনে তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে। এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, শাপলা চত্বর গণহত্যা মামলায় জিয়াউল আহসানকে সশরীরে আদালতে হাজির না করে কারাগার থেকেই ভার্চ্যুয়াল মাধ্যমে হাজির করার আবেদন জানিয়েছিল প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন। ফলে এখন থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি ও বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করানো হবে। প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালের এ নির্দেশনা শুধু জিয়াউল আহসানের জন্য সীমাবদ্ধ নয়; মামলার অন্য আসামিদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে। কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে উপস্থিত হতে অনীহা প্রকাশ করলে কিংবা বিচারিক কার্যক্রম চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে পরিস্থিতি বিবেচনায় তাঁকেও কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রমে যুক্ত করা যাবে। এদিকে শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, জিয়াউল আহসান বিভিন্ন সময়ে আদালতে উপস্থিত হওয়া নিয়ে অসুস্থতার কথা জানিয়েছেন এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাঁর এমন আচরণের কারণে আদালতের কার্যক্রমে বিলম্ব হয়েছে বলেও দাবি করেন তিনি। চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত তাঁকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব আসামিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছিল বলেও জানান তিনি। প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ মোট ১১ জন আসামিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গুম ও হত্যার অভিযোগেও তাঁর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালের সর্বশেষ আদেশের ফলে শাপলা চত্বর হত্যা মামলায় আসামিদের আদালতে সশরীরে হাজির করার পরিবর্তে বিশেষ পরিস্থিতিতে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।