রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক শান্তির সূচনায় ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থোডক্স ইস্টার উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শনিবার বিকাল থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব সামরিক ফ্রন্টে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই ইস্টারের সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি মনে করেন, হুমকিমুক্ত এই ইস্টার শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। তবে এই যুদ্ধবিরতিকে নিয়ে কিছু সংশয়ও রয়েছে। গত বছরেও একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল, যেখানে উভয় পক্ষ অভিযোগ করেছিল একে অপর চুক্তি লঙ্ঘন করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আগাম আলোচনা করা হয়নি এবং এটি কোনো ত্রিপাক্ষিক শান্তি আলোচনার অংশ নয়। চার বছর ধরে চলমান এই সংঘাতে এই যুদ্ধবিরতিকে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, তবে একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে।