যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিশেষ দূত ঢাকায় আজ আসছেন শিক্ষা ও শিশু কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার আজ (১৮ এপ্রিল) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছাবেন। এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করা ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়ের মূল লক্ষ্য বিশ্বব্যাপী ০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। সফরের সময় হার্ডার নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। তিনি বাংলাদেশের শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিতকরণ, শিশু স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেবেন। এই সফর দুই দেশের মধ্যে শিশু ও শিক্ষা খাতে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।