ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুরকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে কুষ্টিয়ার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। ফজলুরকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলেও আদালত পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী দুই দিনে তার জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের আসল ঘটনা উদ্ঘাটন করা হবে। উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের অফিস কক্ষে ছুরিকাঘাতে আসমা সাদিয়া রুনা নিহত হন। পরবর্তী দিন ইবি থানায় নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতানের অভিযোগে ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনকে নামে মামলা দায়ের করা হয়। পুলিশ ফজলুরকে গ্রেফতার করেছে, তবে বাকি তিন আসামি এখনও পলাতক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।