বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত : পানিসম্পদমন্ত্রী ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতা, বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব

পায়রা-রামপালের বিদ্যুৎ কিনতে ২৫ বছরের ট্যারিফ অনুমোদন

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

পায়রা-রামপাল বিদ্যুৎ কিনতেই ২৫ বছরে ব্যয় ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা, অনুমোদন দিল ক্রয় কমিটি পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কেনার পেছনে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। দুই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ কাঠামো অনুমোদনের ফলে দীর্ঘমেয়াদি এই বিপুল অঙ্কের ব্যয়ের পথ তৈরি হয়েছে। এর মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পায়রার ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। এই দরে বিদ্যুৎ কিনতে বাবিউবোকে বছরে প্রায় ৯ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধ করতে হবে। ২৫ বছরের চুক্তিকাল শেষে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। অন্যদিকে, রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের ক্ষেত্রে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে দুই ধাপে। কেন্দ্রটির প্রাথমিক পরিচালনকাল বা আইওডি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ বা সিওডি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়বে ৯ টাকা ১১ পয়সা। সিওডির পর প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৮ টাকা ৯৮ পয়সা। আইওডি থেকে সিওডি পর্যন্ত বাবিউবোকে পরিশোধ করতে হবে ৫ হাজার ১০৪ কোটি টাকা। পরবর্তী সময়ে প্রতি বছর ব্যয় হবে প্রায় ৯ হাজার ২২৭ কোটি টাকা। সব মিলিয়ে ২৫ বছরে রামপাল কেন্দ্রের বিদ্যুৎ কিনতে ব্যয় হবে প্রায় ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিসিপিসিএল) নির্মিত পায়রা বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ২৪০ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ৫৭৫ মার্কিন ডলার। ২০২০ সালে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ বাবিউবোর কাছে বিক্রি করা হচ্ছে। তবে এতদিন কেন্দ্রটির বিদ্যুতের ট্যারিফ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন না থাকায় প্রয়োজনীয় ভর্তুকি ছাড়ে আপত্তি জানিয়ে আসছিল অর্থ বিভাগ। এ পরিস্থিতিতে ভর্তুকি নিশ্চিত করতে ট্যারিফ কাঠামো অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়। নতুন অনুমোদিত ট্যারিফ ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে। একইভাবে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের নির্মিত রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পটি স্থাপনে ব্যয় হয়েছে ১৯৯ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৮১৫ মার্কিন ডলার। ২০২৪ সালে কেন্দ্রটি উৎপাদনে যায়। ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় এ কেন্দ্র থেকেও উৎপাদিত বিদ্যুৎ বাবিউবোর কাছে সরবরাহ করা হচ্ছে। তবে ট্যারিফ কাঠামো সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন না থাকায় এ কেন্দ্রের বিদ্যুৎ কেনার বিপরীতে প্রয়োজনীয় ভর্তুকি প্রদানে আপত্তি জানিয়ে আসছিল অর্থ বিভাগ। পরবর্তী সময়ে ভর্তুকি নিশ্চিত করার লক্ষ্যে ট্যারিফ অনুমোদনের প্রস্তাব করা হয়। অনুমোদিত এই ট্যারিফ ২০২৪ সালের ১২ মার্চ থেকে কার্যকর হবে। দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়ের আর্থিক কাঠামো চূড়ান্ত হলো। তবে আগামী ২৫ বছরে এই দুই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়টি দেশের বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ভর্তুকি এবং বিদ্যুতের উৎপাদন ব্যয় নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102