সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

bornomalanews
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১০ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি। আগামী ১৬ এপ্রিল, দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে। বুধবার (৯ এপ্রিল) দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপিকে সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এই তথ্য প্রকাশ করেন। বিএনপির নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উচিত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা। কয়েক মাস ধরে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। তারা সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য জানতে চায় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চায়। দলটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছিল। তবে মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কোনো তথ্য জানানো হয়নি। আজ নতুন করে সময় জানানো হলো। সূত্রটি আরও জানায়, গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন এবং ১৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির নেতারা উল্লেখ করেছেন, তারা এর আগে বিভিন্ন সময়ে দলীয় ও জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি কিছুটা ভিন্ন। বিএনপি সরাসরি প্রধান উপদেষ্টাকে জানাবে যে তারা এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। কার্যত, নির্বাচনের বিষয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট করার চেষ্টা থাকবে। বিশেষ করে, কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা-বোঝার চেষ্টা করবেন বিএনপির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102