

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে আর কোনো স্বাভাবিক রাজনৈতিক চর্চা অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই; বরং অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিই তাদের প্রধান তৎপরতায় পরিণত হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাদ জুমা নগরের কোর্ট পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়েই তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক আদর্শ বা গণতান্ত্রিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ক্ষমতায় থাকাকালে দলটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। গুরুত্বপূর্ণ পদে পছন্দের ব্যক্তিদের বসিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছিল। দীর্ঘদিনের অপশাসন, দুর্নীতি ও নির্যাতনের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ বিপুল অর্থসম্পদ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। বর্তমানে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সমর্থন ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দলটি প্রায় ১৭ থেকে ১৮ বছর বিরোধী দলে থেকে নানা ধরনের নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখোমুখি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবনও দিয়েছেন। তারপরও বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সন্ত্রাসী তৎপরতাই বেশি দৃশ্যমান। সমাবেশে বিশেষ বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সতর্ক অবস্থানে থাকতে হবে। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচিতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নেতারা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।