কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত জানান। জসিম উদ্দিন এই আসনে বিএনপির সমর্থন পেয়েছিলেন এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করেনি এবং ভোটে কারচুপি হয়েছে। তিনি বলেন, কালো টাকা বিতরণ করা হয়েছে, তার কর্মী ও এজেন্টদের মারধর করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে অনিয়ম ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। জসিম অভিযোগ করেন, নেতাকর্মীরা আহত ও হুমকির মুখে পড়েছেন এবং সারাদিন ভোট কেনাবেচা হয়েছে। এসব কারণে তিনি দেবিদ্বারের জনগণের কথা চিন্তা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। জসিম আরও জানান, প্রশাসন বারবার যোগাযোগের পরও কোনো সহযোগিতা করেনি। অপরদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর এই আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তবে জসিম উদ্দিনের এই অভিযোগ ও ভোট বর্জনের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে বলেছেন, নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হলেও জসিম উদ্দিন নিশ্চিত পরাজয় উপলব্ধি করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, যা হাস্যকর ও অনাকাঙ্ক্ষিত বলে তারা মত দেন।