‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় সংসদ কর্তৃপক্ষ তদন্তে নেমেছে। সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা অফিস আদেশে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)-কে। সদস্য হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত রিপোর্টে সংসদ সচিবালয়ের ইলেকট্রনিক সরঞ্জাম ও আনুষঙ্গিক পণ্যের কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ উঠেছিল। সংবাদমাধ্যমে দাবি করা হয়, বাজার মূল্যের তুলনায় ক্যামেরা ও ব্যাগসহ বিভিন্ন পণ্য কয়েকগুণ বেশি দামে কেনা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এই তদন্তের মাধ্যমে সংসদ সচিবালয় কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।