রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতা, বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য?

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

ব্রিটেনে ছড়িয়ে পড়তে পারে শিক্ষার্থী আন্দোলন, ক্ষোভের কেন্দ্রে শিক্ষা সংকট ও সামরিক ব্যয় বৃদ্ধি ইউরোপের বিভিন্ন দেশে সরকারের ব্যর্থতা, কৃচ্ছ্রসাধন নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরুদ্ধে চলমান গণবিক্ষোভের ঢেউ এবার যুক্তরাজ্যেও বড় আন্দোলনের রূপ নিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, আবাসনসংকট এবং শিক্ষা খাতে সরকারি বরাদ্দ কমানোর প্রতিবাদে দেশটির হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে আসায় নতুন করে চাপে পড়েছে ব্রিটিশ সরকার। গত শুক্রবার যুক্তরাজ্যের শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ বাড়ানোর প্রতিবাদের পর এটিকে দেশটির অন্যতম বড় শিক্ষার্থী আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। রাজধানী লন্ডনে ট্রাফালগার স্কয়ার থেকে ডাউনিং স্ট্রিট অভিমুখে মিছিল করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের স্লোগানে উঠে আসে শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের দাবি। ‘যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই’—এমন স্লোগানের মধ্য দিয়ে সামরিক ব্যয় বৃদ্ধির বিপরীতে জনকল্যাণমূলক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে লেখক ফেইজি ইসমাইল উল্লেখ করেছেন, ব্রিটিশ তরুণদের মধ্যে জমে ওঠা অসন্তোষের পেছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, সরকারি সেবার অবনতি, কর্মসংস্থানের অভাব এবং লাগামহীন জীবনযাত্রার ব্যয়। এসব সংকট তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ানোর পাশাপাশি সরকারের অর্থনৈতিক ও সামাজিক নীতির প্রতি আস্থাও দুর্বল করছে। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়েছে, যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এ বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি কোনো ধরনের শিক্ষা বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন। দেশটির মোট বেকারের ৪০ শতাংশেরও বেশি তরুণ। ফলে কর্মক্ষম বয়সে পৌঁছেও একটি বড় জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা খাতের পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সরকারি অর্থায়ন কমে যাওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মী ছাঁটাই, শিক্ষাক্রম বন্ধ এবং শিক্ষা কার্যক্রম সংকুচিত হচ্ছে। উচ্চশিক্ষার ব্যয় ও সুযোগ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। অন্যদিকে শিক্ষা ও বেসামরিক কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার বিপরীতে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি নতুন বিতর্ক তৈরি করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার পরিবর্তে সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। আল-জাজিরার ওই নিবন্ধে ইউরোপজুড়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পেছনে ন্যাটোর প্রভাব এবং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দেওয়ার ভূরাজনৈতিক বাস্তবতার কথাও তুলে ধরা হয়েছে। লেখকের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যে শিক্ষা খাতে ব্যয় জিডিপির ৪ দশমিক ১ শতাংশ, যেখানে ফ্রান্সে এ হার ৫ দশমিক ১ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থায়নের সংকটের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের অসন্তোষ আরও বাড়িয়ে তুলছে। নিবন্ধে আরও বলা হয়েছে, গত পাঁচ দশক ধরে চলা বেসরকারিকরণ, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং সামাজিক সুরক্ষা খাতে ধারাবাহিক কাটছাঁটের প্রভাব বর্তমান সংকটকে আরও গভীর করেছে। এর ফলে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, জনসেবার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তরুণদের জন্য স্থিতিশীল ভবিষ্যৎ গড়ার পথ কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, শিক্ষার্থীদের এই বিক্ষোভ কেবল শিক্ষা খাতের দাবি-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে। কারণ, তরুণদের ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট, আবাসন সমস্যা, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন। লেখক মনে করেন, এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর দমননীতি কিংবা নতুন করে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটলে সংকট আরও ঘনীভূত হবে। বরং শিক্ষা, কর্মসংস্থান, জনসেবা ও সামাজিক সুরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনতে হবে। অন্যথায় ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া গণঅসন্তোষের মতো বড় ধরনের আন্দোলনের মুখে পড়তে পারে যুক্তরাজ্যও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102