রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতা, বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্থিরতায় পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, বিদেশে চলে গেল ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার!

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে তৈরি পোশাকশিল্পে। উৎপাদন ব্যাহত হওয়া, কারখানা বন্ধ থাকা এবং ক্রেতাদের আস্থার সংকটে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের প্রধান রপ্তানি আয়ের এ খাত। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতাদের আস্থার সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি ভিত্তিতে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে উৎপাদন বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানের সম্মিলিত ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন ডলার। তবে উৎপাদন বন্ধ থাকার আর্থিক ক্ষতির বাইরেও বড় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও রপ্তানি আদেশ ধরে রাখা নিয়ে। নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পারায় অনেক কারখানার রপ্তানি আদেশ এখন অনিশ্চয়তার মুখে। সময়মতো পণ্য পাঠাতে না পারার কারণে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পরিবহন, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি অর্ডার বাতিলের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক ক্রেতারা ইতিমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব পোশাকের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়ছে। সংগঠনটির দাবি, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকৃত পরিস্থিতির সম্পূর্ণ চিত্র নয়। কারণ, অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি এই জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রকাশিত হিসাবের চেয়ে আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বিজিএমইএর মতে, এই সংকটকে কেবল কয়েক দিনের উৎপাদন বন্ধ কিংবা তাৎক্ষণিক আর্থিক ক্ষতির হিসাব দিয়ে মূল্যায়ন করা যথেষ্ট নয়। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের অর্জিত সুনাম, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি। বিশ্ববাজারে ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ ও নিরবচ্ছিন্ন উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বাংলাদেশের সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হলে ক্রেতারা বিকল্প উৎপাদনকারী দেশের দিকে ঝুঁকতে পারেন। দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের ওপর এমন চাপ অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে একবার আন্তর্জাতিক ক্রেতারা অন্য দেশে অর্ডার স্থানান্তর করলে সেসব অর্ডার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ নাও হতে পারে। তাই চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক রাখা, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার এবং রপ্তানি আদেশ ধরে রাখাকে এখন পোশাকশিল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102