রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপির বৈঠক ১৩ বছর পর

bornomalanews
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৬ Time View

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে পৃথক পৃথক বৈঠক করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির পক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক সম্পর্কে জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, আলোচনায় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক উঠে এসেছে। তিনি আরও জানান, সার্ক চালু করাসহ ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়েছে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বৈঠক শেষে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের যে সুযোগ রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বড় ভাই সুলভ, আগ্রাসন, আধিপত্যবাদী মানসিকতা থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় পানিকে কেন্দ্র করে সম্ভাব্য সংকট ও যুদ্ধের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতা এবং পাকিস্তানের অতীত অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এ ছাড়া ওষুধ খাত, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। নাসীরুদ্দীন মনে করেন, পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব রয়েছে। এ প্রভাব কাজে লাগিয়েই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। দীর্ঘ ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় প্রথম সরকারি সফর। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। ওই দিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সইয়ের কথা রয়েছে। এ ছাড়া রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। একইসঙ্গে ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখবেন। এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102