ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সম্মতি বা নির্দিষ্ট সময়সূচি নির্ধারিত হয়নি। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র আলোচনায় অতিরিক্ত কিছু শর্ত সামনে এনেছে, যা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তাই পরবর্তী আলোচনায় বসার জন্য এসব শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। ইরান ইতোমধ্যে পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য রাজি নয়। পাশাপাশি, তারা ফলহীন ও দীর্ঘসূত্রতাপূর্ণ আলোচনায় সময় নষ্ট করতে আগ্রহী নয় বলে স্পষ্ট করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেন, উভয় পক্ষ একটি যৌথ কাঠামোতে একমত না হওয়া পর্যন্ত আলোচনার কোনো অগ্রগতি সম্ভব নয় এবং এই কাঠামো নির্ধারণ না হলে বৈঠকের তারিখও ঠিক করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনায় ইরান আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের অধিকার রক্ষা করতে চায় এবং এ বিষয়ে কোনো আপস করতে প্রস্তুত নয়। এই অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্বের অবসান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।