ট্রাম্পের আল্টিমেটামের সময়সীমা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আল্টিমেটামের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে তিনি ইরানকেও এই সময়কে ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে গ্রহণ করে হরমুজ প্রণালিটি খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো ইতিবাচক এবং শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে, যা শীঘ্রই ফলপ্রসূ হবে। এই প্রক্রিয়াকে সফল করার জন্য তিনি ট্রাম্পকে বর্তমান আল্টিমেটামের সময়সীমা ১৪ দিন বাড়ানোর প্রস্তাব দেন এবং সব পক্ষকে ঐক্যমত্যে যুদ্ধবিরতি পালন করার আহ্বান জানান। পাকিস্তানের এই প্রস্তাবকে তেহরান ইতিবাচক মনোভাব দিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকার আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজে বের করতে এই নমনীয়তা প্রদর্শন করছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে পাকিস্তানের এই প্রস্তাব সম্পর্কে অবহিত করা হয়েছে এবং মার্কিন পক্ষ থেকে দ্রুত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ও কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।