যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জরুরি সংবাদ সম্মেলনে ইরানকে এক রাতের সামরিক অভিযানে পুরোপুরি ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে এবং আগামীকাল মঙ্গলবারই সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে ঘোষণা করেছেন। হোয়াইট হাউসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই মার্কিন সেনাদের একটি সফল উদ্ধার অভিযানকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ইরানে আটকে থাকা বিমানবাহিনীর সদস্যদের নিরাপদে ফেরানোর জন্য ২১টি সামরিক উড়োজাহাজ অংশগ্রহণ করেছে এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ওপর এই অভিযান সম্পাদনের নির্দেশ তিনি দিয়েছিলেন। ইরানের বিরুদ্ধে সামরিক পরিস্থিতির মূল্যায়নে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। একই সঙ্গে ইরানকে শক্ত বার্তা দিয়ে তিনি সতর্ক করেন যে, আমেরিকার সামরিক বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দিতে পারে এবং সেই অভিযান আগামীকালই হতে পারে। এই বক্তব্যে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।