বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় করা বিদেশি চুক্তিগুলো করার পূর্বে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করা হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে জামায়াতকে এ বিষয়ে অবহিত বা আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আরও বলেন, সংসদ না থাকার কারণে জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হলেও আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জামায়াতের মতামত গ্রহণ করা হয়নি। ডা. শফিকুর রহমান স্পষ্ট করে জানান, তাদের অবস্থান এই বিষয়ে পরিষ্কার এবং কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এ বিষয়ে তাদের দাবিকে তৎকালীন সরকার গুরুত্ব দেয়নি। অন্যদিকে, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই দেশের প্রধান দুই দলের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তারা চুক্তিতে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, এই চুক্তি কোনো রকম গোপনীয়তায় করা হয়নি।