টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। এখন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার অভাবে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এগিয়ে এসেছেন। গত শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং ওড়িশার তালসারি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন তিনি, যেখানে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধারসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটে ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে, যেখানে রাহুল পানিতে ডুবে যান। দীর্ঘদিন শুটিং সেটে নিরাপত্তার ঘাটতির কথা নিয়ে সমালোচনা চললেও, রাহুলের মৃত্যুর সাত দিন পরই এফআইআর দায়ের করলেন প্রিয়াঙ্কা। মামলায় প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করা হয়েছে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি গভীর মানসিক শোকে ছিলেন, যার ফলে মামলা করতে কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি এবং এ ক্ষত থেকে ওঠা সহজ নয়। তবে সত্যের পক্ষে দাঁড়াতে বাধ্য হয়েছি।” প্রযোজনা সংস্থা দাবি করেছিলো, রাহুল নিষেধ থাকা সত্ত্বেও গভীর জলে নেমেছিলেন এবং শুটিং স্ক্রিপ্টে পানির কোনো দৃশ্য ছিল না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, হাঁটু সমান জলে ড্রোন শট নেওয়ার সময় ঢেউয়ের ধাক্কায় রাহুল ও নায়িকা শ্বেতা দুজনেই পড়ে যান; শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুল ডুবে যান। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় টলিপাড়া এখনও শোক ও ক্ষোভে বিভীষিকাময়। প্রিয়াঙ্কার এ আইনি পদক্ষেপকে দর্শকেরা টলিউডে ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন।